বস্তি নিরুৎসাহিত করতে প্রতিটি উপজেলায় আবাসন
গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন, দরিদ্র জনগোষ্ঠী বা বস্তিবাসীর পুনর্বাসনে ফ্ল্যাট নির্মাণ করা হবে। এর পাশাপাশি তাদের রাজধানীতে আসা নিরুৎসাহিত করতে প্রতিটি উপজেলায় আবাসনব্যবস্থা গড়ে তুলবে সরকার। আজ বুধবার ‘নগর দরিদ্রদের জন্য আবাসন : সমস্যা, সম্ভাবনা এবং নীতি করণীয়’ শীর্ষক এক আলোচনা সভায় মন্ত্রী এ কথা বলেন।
আলোচনা সভায় মন্ত্রী আরো বলেন, ৪৫০ বর্গফুটের ফ্ল্যাট নির্মাণ করে প্রতিদিন ২৭৫ টাকা হারে নিয়ে ২০ বছরে মালিকানা হস্তান্তরের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার। পাশাপাশি মন্ত্রী আবাসন ঋণে সুদের হার ২ থেকে ৩ শতাংশ রাখার পক্ষে মত দেন।
আলোচনা সভায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শহিদুল আমীন বলেন, আবাসন নীতির ত্রুটিই বস্তি গড়ে উঠতে উৎসাহিত করছে।
সভায় বক্তারা আরো বলেন, বস্তিবাসীর আবাসন সুবিধা নিশ্চিত করতে সরকার, আবাসন প্রতিষ্ঠান, উচ্চবিত্তসহ সবাইকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।

নিজস্ব প্রতিবেদক