গ্রামে ৯৪,০৭৭ কিলোমিটার নতুন সড়ক
দেশের গ্রামাঞ্চলে ৯৪ হাজার ৭৭ কিলোমিটার নতুন সড়ক নির্মাণ করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। মঙ্গলবার জাতীয় সংসদে স্বতন্ত্র সদস্য তাহজীব আলম সিদ্দিকীর এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, এলজিইডির আওতায় গ্রামবাংলার ৯৪ হাজার ৭৭ কিলোমিটার সড়ক নির্মিত হয়েছে। এসব সড়ক রক্ষণাবেক্ষণের জন্য চলতি ২০১৫-১৬ অর্থবছরে এলজিইডির পল্লী সড়ক ও কালভার্ট মেরামত কর্মসূচির আওতায় রাজস্ব খাতে এক হাজার ২৫ কোটি টাকা বরাদ্দ পাওয়া গেছে।
সরকারি দলের সদস্য মো. সোহরাব উদ্দিনের অপর এক প্রশ্নের জবাবে খন্দকার মোশাররফ হোসেন বলেন, কাজের গুণগতমান নিশ্চিত করার লক্ষ্যে প্রকল্প পরিচালক ও অন্যান্য কর্মকর্তা ছাড়াও এলজিইডির সদর দপ্তর পর্যায়ে গঠিত ১৯টি পরিদর্শন টিম, বিভাগীয় পর্যায়ে অতিরিক্ত প্রধান প্রকৌশলী এবং ১৪টি অঞ্চলে আঞ্চলিক তত্ত্বাবধায়ক প্রকৌশলীরা মাঠ পর্যায়ে বাস্তবায়নাধীন উন্নয়ন কর্মকাণ্ড নিয়মিত পরিদর্শন করে প্রতিবেদন দাখিল করেন। মন্ত্রণালয় থেকে গঠিত ২২টি পরিদর্শন টিম উন্নয়ন কর্মকাণ্ড তদারক করে থাকে।
মন্ত্রী বলেন, এ ছাড়া মাঠ পর্যায়ে সংশ্লিষ্ট নির্বাহী প্রকৌশলী ও উপজেলা প্রকৌশলীরা উন্নয়নমূলক কাজ নিয়মিত তদারক করেন। তদারকি কমিটির দাখিলকৃত প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় সংশোধনের ব্যবস্থাও গ্রহণ করা হয়।

অনলাইন ডেস্ক