আরেকটি সরকারি হাসপাতাল পাচ্ছে রাজধানীবাসী
খুব শিগগিই রাজধানীতে আরেকটি সরকারি হাসপাতাল চালু হতে যাচ্ছে। নগরীর উত্তরার ৬ নম্বর সেক্টরে ঈশা খাঁ রোডে এ হাসপাতালের পূর্ণাঙ্গ চিকিৎসা কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম হাসপাতালটি পরিদর্শনে গিয়ে এ ঘোষণা দেন। তিনি বলেন, খুব শিগগিরই এই হাসপাতালের আউটডোর চালু করা হবে এবং পর্যায়ক্রমে লোকবল নিয়োগের মাধ্যমে এই হাসপাতালকে পূর্ণাঙ্গ হাসপাতালে রূপ দেওয়া হবে।
বার্তা সংস্থা বাসস জানায়, দীর্ঘ আইনি লড়াইয়ের পর গতকাল মঙ্গলবার জায়গাটি (পুরনো হাসপাতাল) ব্যবহারের জন্য সরকারের পক্ষে রায় দেন উচ্চ আদালত। রায়ের প্রতি সম্মান জানিয়ে প্রশাসনের কাছ থেকে হাসপাতালটি বুঝে নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
লিজ নিয়ে ব্যক্তিমালিকানার অধীনে পরিচালিত হয়ে আসছিল ‘আমেরিকান সুপার স্পেশালিটি হাসপাতাল’। কিন্তু শর্ত ভঙ্গের কারণে ওই হাসপাতাল কর্তৃপক্ষের লিজ বাতিল করা হয়। এর পরিপ্রেক্ষিতে সৃষ্ট মামলাজনিত জটিলতার কারণে হাসপাতালটি দীর্ঘদিন বন্ধ ছিল। যা আবার আলোর মুখ দেখতে যাচ্ছে।
স্বাস্থ্যমন্ত্রীর হাসপাতাল পরিদর্শনকালে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলী, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মোহাম্মদ নূরুল হক ও পরিচালক (হাসপাতাল) ডা. সামিউল ইসলাম সাদিসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা।
নতুন হাসপাতালটির মাধ্যমে উন্নত চিকিৎসাসেবা প্রদানের আশাবাদ ব্যক্ত করে মোহাম্মদ নাসিম বলেন, জনগণের স্বাস্থ্য ও চিকিৎসাসেবা নিশ্চিতকল্পে একের পর এক চিকিৎসাপ্রতিষ্ঠান স্থাপনসহ বিভিন্ন উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন করে চলেছে বর্তমান সরকার। এই নতুন হাসপাতালটি পুরোদমে চালু হলে নামমাত্র খরচে উন্নত চিকিৎসা পাবে সাধারণ মানুষ। আশপাশের হাসপাতালগুলোতে রোগীর চাপও কমে আসবে।

অনলাইন ডেস্ক