মহেশপুরে দুই বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট
ঝিনাইদহের মহেশপুরে দুই বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতরা টাকা, স্বর্ণালংকারসহ প্রায় দুই লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। গতকাল সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের হামিদপুর মহল্লায় এ ঘটনা ঘটে। এতে জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে।
ভুক্তভোগী পরিবারের লোকজন জানান, গতকাল মধ্যরাতে গ্রামের ব্যবসায়ী তরিকুল ইসলামের বাড়িতে প্রথমে একদল সশস্ত্র ডাকাত হানা দেয়। এ সময় বাধা দিলে বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে মারধর করে তারা। একপর্যায়ে তাঁদের বেঁধে রেখে ডাকাতরা ৫০ হাজার টাকা, স্বর্ণালংকারসহ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়। আহত বাড়ির মালিক ব্যবসায়ী তরিকুল ইসলাম, তাঁর মা সাজেদা বেগম ও তাঁর ছেলে নবম শ্রেণির ছাত্র তৌহিদুর রহমানকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এর পর ডাকাত দল হানা দেয় পাশের বাড়ি মহেশপুর বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান কলেজের প্রভাষক আবুল কালামের বাসায়।
আবুল কালামের স্ত্রী মুর্শিদা খাতুন বলেন, পাশের বাড়ি থেকে চিৎকার শুনে তাঁরা ছুটে যান। এ সময় পথেই আট থেকে নয়জনের একটি ডাকাত দল অস্ত্র দেখিয়ে জিম্মি করে তাঁদের বাড়িতে নিয়ে আসে। মারধর করে তাঁদের বেঁধে রেখে বাড়ির তালা খুলে দুই ভরি স্বর্ণালংকার, আট হাজার টাকা ও মুঠোফোন লুট করে নিয়ে যায়।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদুল ইসলাম শাহীন বলেন, দুই বাড়িতে ডাকাতির ঘটনায় সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এদিকে, গত তিন মাসে বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে প্রায় ১০টির মতো চুরি ও ডাকাতির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় মহেশপুর পৌরশহরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। চুরি-ডাকাতির বিরুদ্ধে প্রশাসন কোনো ব্যবস্থা না নেওয়ায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

মিজানুর রহমান, ঝিনাইদহ