পুকুরপাড়ে জুতা দেখে মিলল দুই শিশুর লাশ
জয়পুরহাট সদর উপজেলায় পুকুর থেকে দুই শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরে উপজেলার বানিয়াপাড়া গ্রাম থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
এরা হলো ওই গ্রামের আনোয়ার হোসেনের ছেলে ইব্রাহিম হোসেন (৩) ও শাহিনুর রহমানের ছেলে নাজির হোসেন ওরফে হানজালা (৩)। তারা আপন চাচাতো ভাই।urgentPhoto
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দীন জানান, দুপুরে হানজালার মা নাসরিন বেগম মাঠে গরু আনতে যান। এ সময় দুই শিশু তাঁর পিছু নেয়। নাসরিন গরু নিয়ে বাড়ি ফিরে আসেন।
এর কিছু পরে হানজালার বাবা শাহিনুর পুকুরে তৌরা (জাল) দিয়ে মাছ ধরতে যান। পুকুরপাড়ে দুই জোড়া জুতা ও জলে ছেলের লাশ ভাসতে দেখে চিৎকার শুরু করেন তিনি। তখন গ্রামবাসী এসে ইব্রাহিমকেও উদ্ধার করে।
পরে হানজালা ও ইব্রাহিমকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গোটা গ্রামে শোকের ছায়া নেমে আসে।

শাহজাহান সিরাজ মিঠু, জয়পুরহাট