বিদ্রোহীরা প্রত্যাহার না করলে বহিষ্কার : হানিফ
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ। ছবি : এনটিভি
পৌরসভা নির্বাচনে বিদ্রোহী প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার না করলে তাঁদের বহিষ্কার করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। এ জন্য বিদ্রোহীরা ২৪ ঘণ্টার সময় পাবেন বলেও তিনি জানান।
আজ বুধবার রাতে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক শেষে হানিফ এ কথা জানান। বৈঠকে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্যরা উপস্থিত ছিলেন।
আওয়ামী লীগ নেতা হানিফ বলেন, ‘শৃঙ্খলাভঙ্গের অভিযোগে দল থেকে বহিষ্কার করবে আওয়ামী লীগ। বিদ্রোহী হিসেবে আওয়ামী লীগের প্রার্থীরা আছেন। সিদ্ধান্তের বাইরে যাঁরা এখনো প্রার্থী হিসেবে আছেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্রার্থিতা প্রত্যাহারের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত না মানলে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাঁদের বহিষ্কার করা হবে।’

নিজস্ব প্রতিবেদক