জয়পুরহাট সুগার মিলে আখ মাড়াই শুরু
গত মৌসুমের প্রায় ৪০ কোটি টাকার লোকসানের বোঝা মাথায় নিয়ে দেশের বৃহত্তম চিনিকল জয়পুরহাট সুগার মিলস লিমিটেডের চলতি ২০১৫- ২০১৬ মৌসুমের ৫৩তম আখ মাড়াই শুরু হয়েছে।
আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টায় কারখানা চত্বরে মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া অনুষ্ঠানে শেষে ক্যান কেরিয়ারে (আখের ডোঙ্গায়) আখ নিক্ষেপের মধ্য দিয়ে এবারের আখ মাড়াই শুরু হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আখ নিক্ষেপ করে আখ মাড়াই কার্যক্রমের উদ্বোধন করেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সামছুল আলম দুদু। বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান এ কে এম দেলোয়ার হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক এস এম সোলায়মান আলী। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের সচিব আখতার হোসেন, জয়পুরহাট সুগার মিলস্ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুস সালাম, জয়পুরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান, আওয়ামী লীগ নেতা ও পৌর নির্বাচনের মেয়র প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তাক প্রমুখ।
চলতি ২০১৫-২০১৬ আখ মাড়াই মৌসুমে এ চিনিকলে ৬৫ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ৪৫ কর্মদিবসে মোট চার হাজার ৮৭৫ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধার্য হয়েছে। আখ থেকে চিনি আহরণের হার ধরা হয়েছে ৭ দশমিক ৫০ শতাংশ।

শাহজাহান সিরাজ মিঠু, জয়পুরহাট