সরকারের স্বাস্থ্যবিমার আওতায় আসবেন এক লাখ মানুষ
স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচির আওতায় সরকারের স্বাস্থ্যবিমা সুবিধা পাবে এক লাখ জনগণ। এ লক্ষ্যে গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানির সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
পাইলট প্রকল্প হিসেবে টাঙ্গাইলের তিন উপজেলায় দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী লোকজন স্বাস্থ্যবিমার সুবিধা পাবেন।
urgentPhoto
আজ রোববার সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের উপস্থিতিতে এ চুক্তি স্বাক্ষরিত হয়। ওই সময় আরো উপস্থিত ছিলেন গ্রিন ডেল্টার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফারজানা চৌধুরীসহ স্বাস্থ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা।
অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ২০৩২ সালের মধ্যে ক্রমান্বয়ে দেশের সব জনগণকেই স্বাস্থ্যবিমার আওতায় আনা হবে। প্রাথমিকভাবে পাইলট প্রকল্প হিসেবে টাঙ্গাইলের তিন উপজেলার এক লাখ জনগণকে ৫০টি রোগের জন্য এই স্বাস্থ্যবিমা দেওয়া হবে।
স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, প্রকল্পের আওতায় চিকিৎসা ব্যয় নির্বাহের জন্য বিমার প্রিমিয়াম হিসেবে পরিবারপ্রতি বার্ষিক এক হাজার টাকা গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্সকে দেবে সরকার। আর এর বিপরীতে পরিবারপ্রতি বার্ষিক ৫০ হাজার টাকা পর্যন্ত চিকিৎসা সুবিধা পাবে ওই এক লাখ পরিবার।

নিজস্ব প্রতিবেদক