নৌকার পক্ষে গণজোয়ার, বিএনপি ভীত
যশোর পৌরসভা নির্বাচনে প্রতিপক্ষ মেয়র পদপ্রার্থীদের অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার। তিনি বলেছেন, বিএনপি সমর্থিত ও স্বতন্ত্র মেয়র পদপ্রার্থীরা গণবিচ্ছিন্ন হয়ে পড়ায় তাঁরা এখন আওয়ামী লীগের প্রার্থী ও নেতা-কর্মীদের নামে মিথ্যাচার করছেন।
আজ সোমবার দুপুরে যশোর প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে শাহীন চাকলাদার বলেন, পৌর নির্বাচনে ভোটারদের মধ্যে নৌকা প্রতীকের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। আর তা দেখে ভীত হয়ে বিএনপি সমর্থিত মেয়র পদপ্রার্থী আওয়ামী লীগের প্রার্থীর সম্পর্কে মিথ্যা অভিযোগ করে চলেছেন। তিনি বলেন, ভোট বর্জন করার উদ্দেশ্যেই তারা এই মিথ্যাচার করছে। কিন্তু আওয়ামী লীগ জনগণের ম্যান্ডেট নিতে চায়। জনগণ যে রায় দেবে, আওয়ামী লীগ তা মাথা পেতে নেবে।
শাহীন চাকলাদার বলেন, যশোরের ছয় পৌরসভায় আওয়ামী লীগের কোনো বিদ্রোহী প্রার্থী নেই। দু-এক জায়গায় যাঁরা স্বতন্ত্র প্রার্থী হয়েছেন, তাঁরাও শিগগিরই প্রার্থিতা থেকে সরে দাঁড়াবেন।
সংবাদ সম্মেলনে জেলা আওয়ামী লীগ নেতা ও সাবেক সংসদ সদস্য পীযূষ কান্তি ভট্টাচার্য, অ্যাডভোকেট আলী রায়হান, আবদুল খালেক, মুক্তিযোদ্ধা খয়রাত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
গতকাল রোববার সকালে একই স্থানে সংবাদ সম্মেলন করে যশোর পৌরসভার বিএনপি মনোনীত মেয়র টদপ্রার্থী মারুফুল ইসলাম অভিযোগ করেছিলেন, আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর কর্মীরা তাঁর পোস্টার ছিঁড়ে ফেলছে ও ধানের শীষ প্রতীকে ভোট চাইতে গেলে বিভিন্ন স্থানে নেতা-কর্মীদের হেনস্তা করা হচ্ছে।
এর আগে স্বতন্ত্র প্রার্থী এস এম কামরুজ্জামান চুন্নু সংবাদ সম্মেলন করে অভিযোগ করেছিলেন, ক্ষমতাসীন দলের প্রার্থীর লোকজন তাঁকে জবাই করে হত্যার হুমকি দিয়েছে।

সাইফুল ইসলাম সজল, যশোর