এ বছরই নিষিদ্ধ হবে জামায়াত
আইনি প্রক্রিয়ার মাধ্যমে ২০১৬ সালের মধ্যেই জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করা হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।
আজ বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে জামায়াতের ডাকা হরতালের প্রতিবাদে আয়োজিত মানববন্ধন ও সমাবেশে এ কথা জানান কামরুল ইসলাম।
বার্তা সংস্থা বাসস জানায়, এ সময় মন্ত্রী বলেন, ‘বাংলাদেশের মাটিতে জামায়াতের রাজনীতি চলতে পারে না। জামায়াতকে নিষিদ্ধ করা সময়ের ব্যাপার মাত্র। ২০১৬ সালের মধ্যেই আইনি প্রক্রিয়ার মাধ্যমে জামায়াত ইনশাআল্লাহ নিষিদ্ধ হবে। এতে কোনো সন্দেহ নাই।’
কামরুল ইসলাম বলেন, ‘বাংলাদেশের মাটিতে জামায়াতের রাজনীতি চলতে পারে না। সব প্রক্রিয়া সম্পন্ন করেই জামায়াতকে নিষিদ্ধ করা হবে। আমরা বিশ্বাস করি, তাদের অর্থের উৎস বন্ধ করা হবে। যারা মুক্তিযুদ্ধ নিয়ে কটাক্ষ করে, তাদের বিচারও বাংলার মাটিতে করা হবে।’
রমনা থানা আওয়ামী লীগের সভাপতি আবুল বাশারের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ বক্তব্য রাখেন।
সমাবেশে হাছান মাহমুদ বলেন, ‘জামায়াত হরতাল ডাকলেও প্রকৃতপক্ষে এই হরতাল বিএনপি-জামায়াতের। জামায়াতের হরতাল দেশের মানুষ পুরোপুরি প্রত্যাখ্যান করেছে। দেশের কোথাও হরতাল হচ্ছে না।’ তিনি বলেন, ‘বিএনপি আপাতত দেশের মানুষকে দেখানোর চেষ্টা করছে, তারা সন্ত্রাস-নৈরাজ্যের পথ পরিহার করেছে। প্রকৃতপক্ষে তারা হরতাল নৈরাজ্যের পথ পরিহার করে নাই।’

অনলাইন ডেস্ক