আরো ১৫ বছর বিরোধী দলে থাকা উচিত জাপার : রাঙ্গা
জাতীয় পার্টির (জাপা) আরো ১০ থেকে ১৫ বছর বিরোধী দলে থাকা উচিত বলে মনে করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা।
রাঙ্গা বলেন, তাঁর দল জাতীয় পার্টি বর্তমানে সংসদে সত্যিকারের বিরোধী দল হিসেবে কার্যকর ভূমিকা পালন করে আসছে। বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ অত্যন্ত তীর্যক ভাষায় সরকারের তীব্র সমালোচনা করে সংসদকে প্রাণবন্ত করে রাখছেন।
বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত ব্রিফিংয়ে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে এসব কথা বলেন জাতীয় পার্টির এ নেতা।
বর্তমান মেয়াদের দুই বছর পূর্তি উপলক্ষে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের বিবরণ দিতে এ ব্রিফিংয়ের আয়োজন করা হয়।
সম্প্রতি দলের এক অনুষ্ঠানে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ আক্ষেপ করে বলেন, দেশের মানুষ জাতীয় পার্টিকে বিরোধী দল হিসেবে মনে করছে না। সত্যিকারের বিরোধী দলের ভূমিকা পালন করার জন্য প্রধানমন্ত্রীর বিশেষ দূতের পদ থেকে তাঁর এবং সরকারে থাকা তাঁর দলের মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের অবিলম্বে পদত্যাগ করা উচিত।
এরই পরিপ্রেক্ষিতে রাঙ্গা বলেন, ‘আমাদের দলের চেয়ারম্যান কোন প্রেক্ষাপটে এ কথা বলেছেন তা তিনি নিজেই বলতে পারবেন। তবে আমি মনে করি, সরকার ও বিরোধী দল দেশ ও জনগণের প্রতি যথাযথ দায়িত্ব পালন করে চলেছে। তা ছাড়া জাতীয় পার্টিকে কমপক্ষে আরো ১০-১৫ বছর বিরোধী দলে থাকা উচিত।’
সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের বিবরণ তুলে ধরে বলেন, “সরকারের ‘একটি খামার একটি বাড়ি’ প্রকল্প অত্যন্ত সফলভাবে এগিয়ে চলেছে। মানুষ সাবলম্বী হচ্ছে। দুধের ঘাটতি পূরণ হয়েছে। এভাবে চলতে থাকলে দেশে অতি অল্প সময়ে দুধের নহর বয়ে যাবে।”

নিজস্ব প্রতিবেদক