বিজিবি কমান্ডার শিশিরকে প্রত্যাহার
ঝিনাইদহের মহেশপুর সীমান্তের মাটিলা গ্রামে সংঘটিত ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জুলুলী ক্যাম্পের কমান্ডার সুবেদার শিশির কুমারকে প্রত্যাহার করা হয়েছে। এখানে নতুন কমান্ডার হিসেবে যোগ দিয়েছেন সুবেদার আবদুল হাকিম। একই সঙ্গে ক্যাম্পের জনবল বাড়ানো হয়েছে।
আজ বুধবার সুবেদার আবদুল হাকিম জানান, বিজিবির যশোর ২৬ ব্যাটালিয়নের সদর দপ্তরে শিশির কুমারকে প্রত্যাহার করা হয়েছে।
গত শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মহেশপুর উপজেলার মাটিলা গ্রামে বিজিবির সঙ্গে গ্রামবাসীর ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়। এ ঘটনায় বিজিবি গুলি চালালে নিহত হন চা বিক্রেতা রফিকুল ইসলাম (৩০)। গুলিবিদ্ধ হন বাবুল, ফিরোজ, আতিকুলসহ চারজন। এ ঘটনার পরের দিন মহেশপুর থানায় নিহত রফিকুলের দুই ভাইসহ ১২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৩০ জনকে আসামি করে একটি মামলা করেন সুবেদার শিশির কুমার।
পাঁচদিন পর আজ বুধবার সকাল ৯টা ৪০ মিনিটে যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগের নেতাদের সঙ্গে বৈঠক করেন যশোর ২৬ ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. জাহাঙ্গীর হোসেন। বৈঠকে বিজিবি ও গ্রামবাসীর মধ্যে সহাবস্থানের বিষয়টি গুরুত্ব দেওয়া হয়। তবে নিহত চা বিক্রেতা রফিকুল ও আহতদের পরিবারকে আর্থিক সহযোগিতা দেওয়ার বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।
এ ব্যাপারে যাদবপুর ইউনিয়ন পরিষদের সদস্য মহিদুল ইসলাম জানিয়েছেন, বৈঠকে এলাকাবাসীর পক্ষে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছাড়াও স্থানীয় আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।

মিজানুর রহমান, ঝিনাইদহ