ভরাডুবির আশঙ্কায় কারচুপির কথা বলছে বিএনপি : হানিফ
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, পৌরসভা নির্বাচনের মতো ইউনিয়ন পরিষদ নির্বাচনেও ভরাডুবির আশঙ্কা থেকে ভোট কারচুপির কথা বলছে বিএনপি। গতকাল বুধবার আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
২০ মার্চ ১০টি পৌরসভা নির্বাচনে মেয়র পদে দলীয় প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ আর প্রথম দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী তালিকার সর্বশেষ খবর জানাতেই গতকাল সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ।
সংবাদ সম্মেলনে মাহবুব-উল-আলম হানিফ বলেন, ২২ মার্চ প্রথম দফায় ৭৩৯টি ইউপি নির্বাচনের জন্য এরই মধ্যে অধিকাংশ চেয়ারম্যান প্রার্থীর তালিকা চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। পৌর নির্বাচনের মতো দলীয় সিদ্ধান্তের বাইরে কেউ ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নিতে চাইলে দল থেকে বহিষ্কার করা হবে।
পৌরসভা নির্বাচনের মতো ইউপি নির্বাচনেও সরকার ভোট কারচুপি করবে—বিএনপির এমন অভিযোগের জবাবে মাহবুব-উল-আলম হানিফ বলেন, ‘বিএনপি ক্ষমতায় থাকা অবস্থায় যত নির্বাচন করেছে, প্রতিটি নির্বাচনেই তারা কারচুপি করেছে। কারচুপি ছাড়া অন্য চিন্তা-চেতনা নেই বলেই যেকোনো নির্বাচনের আগে তারা কারচুপির কথা বলে।’ এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে বলে আশ্বস্ত করেন মাহবুব-উল-আলম হানিফ।
জানা গেছে, ৩১ মার্চ দ্বিতীয় দফা ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য দলীয় প্রার্থীদের তালিকা তৃণমূল থেকে ২২ ফেব্রুয়ারির মধ্যে আওয়ামী লীগের কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক