বিএনপির অপরাজনীতি মেনে নেওয়া হবে না : নাসিম
স্বাস্থ্যমন্ত্রী ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, দেশের উন্নয়নের স্বার্থে বিএনপির কোনো অপরাজনীতি মেনে নেওয়া হবে না। উন্নয়ন কাজে বাধা সৃষ্টিকারীরা যে দলেরই হোক না কেন, তাকে ছাড় দেওয়া হবে না।
আজ বুধবার বিকেলে সিরাজগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) কার্যালয়ের শহীদ শামসুদ্দিন সম্মেলনকক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে নাসিম এসব কথা বলেন।
নাসিম বলেন, দেশের উন্নয়নে যারা বিরোধিতা করে, তারা গণতন্ত্রের শত্রু, জনগণের শত্রু এবং দেশের শত্রু।
প্রত্যন্ত অঞ্চলে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে মোহাম্মদ নাসিম বলেন, ‘যারা প্রত্যন্ত অঞ্চলে কর্মরত রয়েছেন সঠিকভাবে দায়িত্ব পালন করে সাধারণ মানুষকে সেবা দিবেন। সাধারণ মানুষ যাতে স্বাস্থ্য, শিক্ষা ও চিকিৎসাসহ কোনো প্রকার সরকারি সেবা থেকে বঞ্চিত না হয় সেদিকে নজর দিবেন। আর এ দায়িত্বে অবহেলা প্রমাণিত হলে কাউকেই বরদাশত করা হবে না।’
সারা দেশে শিশু হত্যা বেড়ে যাওয়ায় মন্ত্রী উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি পার্শ্ববর্তী যেকোনো গণতান্ত্রিক দেশের চেয়ে উন্নত রয়েছে।
সভায় বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতন, মাদকসহ অসামাজিক কর্মকাণ্ড প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি করতে প্রশাসনের কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা দেন মন্ত্রী।
ডিসি বিল্লাল হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন পুলিশ সুপার (এসপি) মিরাজ উদ্দিন আহম্মেদ, সিভিল সার্জন শহীদ মো. সাদিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক কে এম হোসেন আলী, হাসান চেম্বার অব কমার্সের সভাপতি আবু ইউসুফ সূর্য, পাবলিক প্রসিকিউটর আবদুর রহমান প্রমুখ।

এ বি এম ফজলুর রহমান, পাবনা