কাল থেকে আইসিটি এক্সপো
তিন দিনব্যাপী বাংলাদেশ আইসিটি এক্সপো-২০১৬ আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে।
ডিজিটাল বাংলাদেশ রূপকল্প বাস্তবতায় ও স্থানীয় সক্ষমতা বাড়িয়ে প্রযুক্তি উৎপাদক দেশ হতেই রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে যৌথভাবে এ মেলার আয়োজন করেছে তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আইসিটি বিভাগ ও বাংলাদেশ কম্পিউটার সমিতি।
বাংলাদেশ আইসিটি এক্সপো-২০১৬ উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।
বার্তা সংস্থা বাসস জানায়, ‘মিট ডিজিটাল বাংলাদেশ’ প্রত্যয় নিয়ে বৃহস্পতিবার বিকেলে এ মেলা উদ্বোধন করবেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত থাকবেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইমরান আহমদ ও বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি এ এইচ এম মাহফুজুল আরিফ।
তিন দিনব্যাপী এ মেলা চলবে আগামী শনিবার পর্যন্ত। সবার জন্য উন্মুক্ত এ মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে।
প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক মেলা প্রসঙ্গে বলেন, দ্বিতীয়বারের মতো আয়োজিত প্রযুক্তির এ মেলায় থাকবে প্রযুক্তি-জীবনধারার সামগ্রিক প্রদর্শনী। দেশের হার্ডওয়্যার ও সফটওয়্যার খাতকে এগিয়ে নিতেই আয়োজন করা হয়েছে এ মেলার।
প্রতিমন্ত্রী আরো বলেন, এ মেলার মধ্য দিয়ে আগামীতে আমাদের হাতে কোনো কোরিয়ান বা চাইনিজ ব্র্যান্ড থাকবে না, থাকবে আমাদের নিজেদের তৈরি স্মার্টফোন ও ল্যাপটপ। আগামী দুই-তিন বছরের মধ্যেই কালিয়াকৈর হাইটেক পার্কে তৈরি হবে স্মার্টফোন ও ট্যাবলেট পিসি। এর মাধ্যমে আমাদের প্রতি বছর খরচ হওয়া মোটা অঙ্কের বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে।
পলক বলেন, তরুণদের পথ দেখানোই আমাদের দায়িত্ব। এ মেলার মাধ্যমে আমরা সেই পথ দেখাব। এবারের মেলায় আমরা দেশীয় ব্র্যান্ডকে তুলে ধরব।

অনলাইন ডেস্ক