নেতা বা কর্মী না হয়েও পেলেন নৌকা প্রতীক
নীলফামারীর ডিমলা উপজেলা বা ইউনিয়ন আওয়ামী লীগের নেতা বা কর্মী না হয়েও নৌকা প্রতীক পেলেন জাহাঙ্গীর আলম। এ নিয়ে খগাখড়িবাড়ী ইউনিয়ন এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে।
জাহাঙ্গীর আলম ওই ইউনিয়নের দোহলপাড়া গ্রামের আনারুল ইসলামের ছেলে। তিনি বালু-পাথরের ব্যবসা করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় ব্যক্তি জানান, জাহাঙ্গীর আলম তিস্তা নদীতে দীর্ঘদিন ধরে অবৈধভাবে পাথর ও বালু উত্তোলন করে কোটিপতি হয়ে গেছেন। ইউনিয়নের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে আঁতাত করে তাদের সমর্থন পেয়ে প্রার্থী যাচাই-বাছাইয়ের ভোটে বিজয়ী হয়ে নির্বাচনী মাঠে নেমে পড়েছেন তিনি এবং নিজেকে যুবলীগ নেতা দাবি করছেন।
এ ব্যাপারে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হামিদুল ইসলাম বলেন, ‘আমাদের ভুলের কারণে সে এভাবে নিজেকে যুবলীগ নেতা দাবি করেছেন। আসলে জাহাঙ্গীর কোনো দিন সদস্যই ছিলেন না।’ একই ধরনের কথা বলেন ইউনিয়ন যুবলীগের সভাপতি আরিফুর রহমান। তাঁরা আরো বলেন, ‘এই ইউনিয়নের নির্বাচনী তফসিল আপাতত বাতিল হওয়ায় এখনো দলের সিদ্ধান্ত নেওয়ার সুযোগ রয়েছে।’
জাহাঙ্গীর আলম বলেন, ‘আমি ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। কমিটি বিলুপ্ত হওয়ার পর থেকে ইউনিয়নে আর কোনো কমিটি হয়নি।’

মো. মোস্তফা আবিদ, নীলফামারী