ফরহাদও ‘আম’ চাইলেন ইসিতে
ন্যাশনাল পিপলস পার্টির একাংশের নেতা ফরিদুজ্জামান ফরহাদও নির্বাচন কমিশনে (ইসি) দলীয় প্রতীক ‘আম’-এর দাবি জানিয়েছেন।
আজ সোমবার ইসির শুনানিতে অংশ নেন এ অংশের চেয়ারম্যান ফরহাদ ও মহাসচিব মোস্তাফিজুর রহমান। তাঁরা নিজেদের এনপিপির মূলধারা দাবি করে এর পক্ষে যুক্তি ও তথ্য উপস্থাপন করেছেন।
পরে ইসির প্রশাসনিক কর্মকর্তা রোমান মাহবুব চৌধুরী জানান, সিইসির সভাপতিত্বে এ শুনানিতে ফরহাদ নেতৃত্বাধীন এনপিপির নেতারা অংশ নেন। দলটিতে দুই বছরের বেশি সময় চেয়ারম্যান পদে থাকার নিষেধাজ্ঞার বিষয়ে দলীয় গঠনতন্ত্রের বিধানটি উল্লেখ করা হয়েছে।
‘যাতে এনপিপির অপর অংশের সভাপতি শওকত হোসেন নিলু বিধানটি লঙ্ঘন করেছেন বলে দাবি করা হয়েছে। সেই সঙ্গে তৎকালীন মহাসচিবের দায়িত্ব পালনকালের কথা তুলে ধরেন ফরহাদ। বিধি লঙ্ঘন করেই বহিষ্কার করা হয়েছে বলেও দাবি করেন ফরহাদ’, যোগ করেন রোমান মাহবুবু চৌধুরী।
সার্বিক বিষয়ে বক্তব্য নেওয়ার পর দুই পক্ষের শুনানি পর্যালোচনা করে ইসি পরে সিদ্ধান্ত দেবে বলে জানান এ কর্মকর্তা।
গত ১৮ এপ্রিল এনপিপির আরেক অংশ নিলুর শুনানি করে ইসি। নিলুর এনপিপি বিএনপি নেতৃত্বাধীন জোট থেকে বেরিয়ে আলাদা মোর্চা করলেও ফরহাদের এনপিপি এখনো খালেদা জিয়ার সঙ্গেই রয়েছে।
নিলু ও ফরহাদের পাল্টাপাল্টি বহিষ্কার ও নতুন কমিটি ঘোষণার প্রেক্ষাপটে নির্বাচন কমিশনের কাছে ‘আম’ প্রতীকের দাবি নিয়ে আসে তারা।
সম্প্রতি জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের প্রতীক মশাল নিয়েও দুই পক্ষের শুনানি হয়েছে। জাসদের মূল ধারা হিসেবে মশাল প্রতীক হাসানুল হক ইনু নেতৃত্বাধীন অংশকে দেওয়ার সিদ্ধান্ত হয়। এ নিয়ে গতকাল রোববার জাসদের আরেক অংশ ইসিকে আইনি নোটিশ দিয়েছে।

অনলাইন ডেস্ক