সমাবেশস্থলে খালেদা জিয়া
মহান মে দিবস উপলক্ষে আয়োজিত শ্রমিক সমাবেশে যোগ দিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। আজ রোববার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত সমাবেশের আয়োজন করেছে জাতীয়তাবাদী শ্রমিক দল।
বিকেল সাড়ে ৪টার দিকে সমাবেশস্থলে পৌঁছান খালেদা জিয়া। এর আগেই সমাবেশের সব প্রস্তুতি সম্পন্ন করে শ্রমিক দল। বিএনপির কেন্দ্রীয় নেতারা সভাস্থলে উপস্থিত হয়েছেন।
কিছুক্ষণের মধ্যেই বক্তৃতা করবেন খালেদা জিয়া। সমাবেশে শ্রমিক দলের নেতাকর্মী ছাড়াও বিএনপির অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত আছেন।
সমাবেশ উপলক্ষে সকাল থেকেই সমাবেশস্থলে আসতে শুরু করেছেন বিএনপির নেতাকর্মীরা।
শ্রমিক সমাবেশের এ বক্তব্যে সাম্প্রতিক রাজনৈতিক বিভিন্ন বিষয় উঠে আসতে পারে বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে।
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল এনটিভিকে বলেন, ‘ম্যাডামের বক্তব্যের মধ্যে বাংলাদেশের পেশাজীবী এবং কর্মজীবী মানুষের যে অধিকার, ন্যায্য পাওনা এবং গুম-খুন-নির্যাতন, গুপ্তহত্যা, জঙ্গি নামে যে হামলার বিস্তৃতি এবং বিশেষ করে মন্ত্রিপরিষদের সদস্যের মধ্য থেকেও যে প্রশিক্ষিত জঙ্গিরা বাংলাদেশে আছে এই স্বীকৃতি, রিজার্ভ চুরি এবং সকল অনাচার-অবিচার, দুর্নীতি এবং প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজেদ জয়ের ৩০০ মিলিয়ন ডলার জমা রয়েছে ব্যাংকে, বিভিন্ন জায়গায়, সে সম্পর্কিত তথ্য, এগুলোর ওপরে উনি জনগণের কাছে সেগুলোর বিচারের ভার দেবেন।’

নিজস্ব প্রতিবেদক