মুক্তিযোদ্ধা হোসেন আলী হত্যায় ৩ জেএমবি সদস্য গ্রেপ্তার
কুড়িগ্রামে ধর্মান্তরিত খ্রিস্টান মুক্তিযোদ্ধা হোসেন আলী হত্যায় জড়িত সন্দেহে জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এর মধ্যে আজ সোমবার ভোর ৫টায় রংপুরের কাউনিয়া বাস টার্মিনাল এলাকা থেকে হাসান ফিরোজ (২৩) নামে একজনকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে গত ২৮ এপ্রিল মাহবুব হাসান মিলন (২৮) ও আবু নাসির রুবেল (২০) নামে আরো দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁরা আটদিনের রিমান্ডে রয়েছেন।
এ দুজনের স্বীকারোক্তি মোতাবেক হাসান ফিরোজকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে কুড়িগ্রাম অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম মাকসুদুর রহমানের আদালতে হাজির করা হলে তিনি ১৬৪ ধারায় জবানবন্দি দেন বলে জানায় পুলিশ।
হাসান ফিরোজ লালমনিরহাটের আদিতমারী উপজেলার সারপুকুর গ্রামের, আবু নাসির রুবেল একই গ্রামের এবং মাহবুব হাসান মিলন কুড়িগ্রামের পলাশবাড়ীর মুন্সিপাড়া গ্রামের বাসিন্দা।
হাসান ফিরোজ কুড়িগ্রাম সরকারি কলেজের রসায়ন বিভাগের তৃতীয় বর্ষের, আবু নাছির রুবেল লালমনিরহাট সরকারি কলেজের বিএসএস প্রথম বর্ষের এবং মাহবুব হাসান মিলন কুড়িগ্রাম সরকারি কলেজের বিএসসির ছাত্র বলে জানা গেছে।
কুড়িগ্রামের পুলিশ সুপার মো. তবারক উল্লাহ জানান, গ্রেপ্তার তিনজনই জেএমবির সদস্য। দেশকে অশান্ত করার উদ্দেশে এ হত্যাকাণ্ড ঘটনানো হয়েছে বলে জানান তিনি।
গত ২২ মার্চ কুড়িগ্রামের গাড়িয়ালপাড়া এলাকায় সকালে প্রাতর্ভ্রমণের সময় নিজ বাড়ির সামনে কুপিয়ে হত্যা করা হয় ধর্মান্তরিত মুক্তিযোদ্ধা হোসেন আলীকে। এ সময় হত্যাকারীরা ককটেল ফাটিয়ে মোটরসাইকেলে করে পালিয়ে যায়।

হাসিবুর রহমান হাসিব, কুড়িগ্রাম