চোরাচালান ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সে কাজ করার আহ্বান
আন্তর্জাতিক সীমান্ত আইন মেনে চলার পাশাপাশি চোরাচালান প্রতিরোধ ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে।
আজ বুধবার দুপুরে জয়পুরহাটে চোরাচালান প্রতিরোধ, অবৈধভাবে সীমান্ত অতিক্রম বন্ধ ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে বাংলাদেশি নাগরিক হত্যারোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক মতবিনিময় সভায় এ আহ্বান জানানো হয়।
জয়পুরহাটের সদর উপজেলার সীমান্তবর্তী ধলাহার উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন জেলার ৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল খবীর সরকার। প্রধান অতিথি ছিলেন বিজিবির দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল খালেকুজ্জামান পিএসসি।
অন্যান্যের মধ্যে সভায় বক্তব্য দেন দিনাজপুর সেক্টরের অতিরিক্ত পরিচালক মেজর এস এম রবিউল হাসান, জয়পুরহাট সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিনুল ইসলাম, অতিরিক্ত সহকারী পুলিশ সুপার (সার্কেল) অশোক কুমার পাল, জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মো. সিরাজুল ইসলাম, সাংবাদিক ও স্থানীয় ইউপি চেয়ারম্যানরা।

শাহজাহান সিরাজ মিঠু, জয়পুরহাট