বিভিন্ন স্থানে ভোটগ্রহণ শেষ, চলছে গণনা
দেশের বিভিন্ন জায়গায় উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন চলছে গণনা। আজ রোববার সকাল ৮টায় শুরু হয়ে ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত।
রংপুর সদর উপজেলার হরিদেবপুর, সদ্যপুষ্করিণী ও চন্দনপাট ইউনিয়নের ভোটকেন্দ্রগুলোতে সকাল থেকে উৎসবমুখর পরিবেশে ভোট দিয়েছেন ভোটাররা। চেয়ারম্যান পদে ২২ জন, সংরক্ষিত নারী সদস্যপদে ৬১ ও সদস্যপদে ১৫২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। সর্বশেষ ২০০৩ সালের ৩ জানুয়ারি রংপুর সদর উপজেলার তিন ইউনিয়নে নির্বাচন হয়েছিল।
প্রায় ৯ বছর পর চাঁদপুর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে মেয়র পদে দুজন, কাউন্সিলর পদে ৯৪ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ২৭ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এক লাখ এক হাজার ১২২ জন ভোটার মোট ৪৯ টি কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। তবে দুপুরে ভোট কেন্দ্র দখল ও কারচুপির অভিযোগ এনে বিএনপি সমর্থিত প্রার্থী শফিকুর রহমান ভূইয়া নির্বাচন বর্জন করেছেন।
এছাড়া, মৌলভীবাজারের জুড়ী উপজেলার উপনির্বাচনের ভোট গ্রহণ শেষে চলছে গণনা। এবং ফরিদপুরের মধুখালী পৌরসভা এবং চুয়াডাঙ্গার দুটি ইউনিয়নে ভোট গ্রহণ শেষে চলছে গণনা।

অনলাইন ডেস্ক