‘জনতার কাঠগড়ায়’ সাংসদ স্বপন
বর্তমান সরকারের দুই বছর পূর্তি উপলক্ষে জয়পুরহাটের ক্ষেতলালে ‘জনতার মুখোমুখি’ অনুষ্ঠানে সরাসরি স্থানীয় মানুষের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জয়পুরহাট-২ (ক্ষেতলাল, কালাই ও আক্কেলপুর) আসনের সংসদ সদস্য আবু সাঈদ আল মাহমুদ স্বপন।
গত বুধবার বিকেলে ক্ষেতলাল উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় সাংবাদিকরা জবাবদিহিমূলক ব্যতিক্রমী এ অনুষ্ঠানের আয়োজন করেন।
অনুষ্ঠানে সংসদ সদস্য আবু সাঈদ আল মাহমুদ স্বপন বিভিন্ন প্রশ্নের জবাব দিতে গিয়ে উপস্থিত জনতাকে আশ্বস্ত করে বলেন, দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। আগামী ২০১৮ সালের মধ্যে জয়পুরহাটের কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর উপজেলায় ২০০ কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজ হাতে নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক এস এম সোলায়মান আলী, ক্ষেতলাল উপজেলা চেয়ারম্যান রওনকুল ইসলাম চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

শাহজাহান সিরাজ মিঠু, জয়পুরহাট