সাভারে নির্বাচনী প্রচারণার ক্যাম্পে আগুন
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সাভারে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীর দুটি নির্বাচনী প্রচারণা ক্যাম্প পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।
আজ শুক্রবার ভোররাতে সাভারের ভাকুর্তা ইউনিয়নের হারুরিয়া গ্রাম ও ছাগলাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
ভাকুর্তা ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক অমিত হোসেন জানান, ভোররাতে ভাকুর্তা ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় চেয়ারম্যান প্রার্থী আনানোয়ার হোসেনের দুটি নির্বাচনী প্রচারকেন্দ্র আগুন দিয়ে পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। দুর্বৃত্তরা এ সময় দুই এলাকায় কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যায়।
দ্রুত পানি ছিটিয়ে আগুন নেভান স্থানীয়রা।
এ বিষয়ে সাভার মডেল থানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান জানান, নির্বাচনী প্রচারের ক্যাম্পে আগুন ধরিয়ে দেওয়ার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল দুটি পরিদর্শন করেছে পুলিশ। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

জাহিদুর রহমান