সেতুর রেলিং ভেঙে বাস খালে, নিহত বেড়ে ৯
মাদারীপুর সদর উপজেলায় সমাদ্দার সেতুর রেলিং ভেঙে যাত্রীবাহী একটি বাস খালে পড়েছে। এতে বাসে থাকা ৯ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অন্তত ৩০ জন। জেলার ফায়ার সার্ভিসের টিম লিডার আখতারুজ্জামান হতাহতের সংখ্যার বিষয়টি এনটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন।
আজ শুক্রবার দুপুর ২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এর পরপরই সেতুর দুই পাড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।
নিহতদের মধ্যে পাঁচজনের পরিচয় পাওয়া গেছে। এঁরা হলেন বরিশালের হিরু লাল বাড়ৈ (৬০), ঝালকাঠির সুফিয়া বেগম (৫০), বাসের সুপারভাইজার টিটু (৪০), যাত্রী মো. আলী (৪৫), মিজান (৪০)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে ফরিদপুর থেকে বরিশালের দিকে যাচ্ছিল সুগন্ধা পরিবহনের যাত্রীবাহী একটি বাস। পথে সমাদ্দার সেতুতে ওঠার পর এটির রেলিং ভেঙে যায়। এ সময় সেতুর নিচে খালে পড়ে যায় বাসটি। এতে ঘটনাস্থলেই বাসের পাঁচ যাত্রী নিহত হন। বাকি চারজনের মধ্যে তিনজন সদর হাসপাতালে এবং একজন রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যান।
বাসযাত্রী বরিশাল নার্সিং ইনস্টিটিউশনের ছাত্রী দিতি ঘটনার বর্ণনা দিতে গিয়ে বলেন, ‘চোখের পলকে কিছু বুঝে ওঠার আগেই বাসটি রেলিং ভেঙে খালের মধ্যে পড়ে যায়।’
মাদারীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক নজরুল ইসলাম বলেন, ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত বাস থেকে আহত ও নিহতদের উদ্ধার করেছে।
মাদারীপুরের সহকারী পুলিশ সুপার মনিরুজ্জামান ফকির জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মর্গে পাঠিয়েছে এবং আহতদের চিকিৎসার জন্য সব ব্যবস্থা নিয়েছে।
জেলা প্রশাসক কামাল উদ্দিন বিশ্বাস জানিয়েছেন, লাশ দাফনের জন্য নিহতের পরিবারের সদস্যদের ১০ হাজার টাকা করে দেওয়া হয়েছে। এ ছাড়া আহতদের চিকিৎসার দায়িত্ব দেওয়া হয়েছে।

এম. আর. মুর্তজা, মাদারীপুর