ইসিকে জাগানোর চেষ্টা বৃথা : নজরুল
নির্বাচনে সহিংসতা অনিয়ম হচ্ছে জেনেও নির্বাচন কমিশন কিছুই করছে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
আজ শনিবার দুপুরে নির্বাচন কমিশন কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ শেষে নজরুল ইসলাম খান এসব কথা বলেন।
আজ ৪৪ জেলায় ৭১৭ ইউপিতে ভোট হয়। বিভিন্ন সময়ে নির্বাচনে সহিংসতায় এক চেয়ারম্যান ও এক সদস্য পদপ্রার্থীসহ আটজনের মৃত্যুর খবর আসে চার জেলা থেকে। এ ছাড়া কেন্দ্র দখল, গোলাগুলি, জাল ভোট, অনিয়মের অভিযোগ এনে প্রার্থীদের ভোট বর্জনের চিত্র ছিল কম-বেশি আগের মতোই।
তবে দুপুরেই নির্বাচন কমিশনার আবু হাফিজ গণমাধ্যমকর্মীদের কাছে দাবি করেন, ‘তুলনামূলক ভালো’ ভোট হচ্ছে।
নির্বাচনী সহিংসতা নিয়ে দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। অপরদিকে নজরুল ইসলাম খানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল যায় ইসিতে।
সেখান থেকে বেরিয়ে নজরুল ইসলাম খান বলেন, ‘নির্বাচন কমিশন সব জানাশোনার পরও কিছু করছে না বা করতে পারছে না। কাজেই তাদের জাগানোর চেষ্টা বৃথা। স্থানীয় প্রশাসন যেমন সরকারি দলকে সহযোগিতা করছে, নির্বাচন কমিশনও তেমনি সরকারকে সহযোগিতা করছে।’
বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য আরো যোগ করেন, ‘নির্বাচন কমিশনের যে স্বাধীন চরিত্র সেই চরিত্রের সঙ্গে এই আচরণ যায় না। আমরা সেজন্য মনে করি, বরাবর আমরা যেটা বলছি সেটাই সঠিক। সেটা হলো, এই সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। আর এই নির্বাচন কমিশনের অধীনেও কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।’

নিজস্ব প্রতিবেদক