বিএনপি বোকার দল : জয়
বিএনপিকে বোকার দল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং তাঁর তথ্য ও যোগাযোগপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।
আজ রোববার ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে জয় এ মন্তব্য করেন।
ইসরায়েলের নাগরিক মেন্দি এন সাফাদির সঙ্গে বৈঠকের খবর নিয়ে কথা বলতে গিয়ে জয় বলেন, ‘বিএনপি এমনই এক বোকার দল, এমনকি তারা যখন মিথ্যা বলে তখনো বোকামিপূর্ণ ভুল করে। আমি চাই বিএনপি ও সাফাদি একটা প্রশ্নের জবাব দিক। ওয়াশিংটনের ঠিক কোথায় সে আমার সাক্ষাৎ পেয়েছে? কোন অনুষ্ঠানে? অন্য কার অফিসে?’
‘প্রথম বোকামিপূর্ণ ভুল তারা করেছে কারণ, আমি গত তিন-চার বছরে ওয়াশিংটনে কোনো অনুষ্ঠান বা কারো অফিসে যাইনি। যে মিটিংগুলো আমার হয়েছে, সেগুলো সবই সরকারি কর্মকর্তাদের সঙ্গে এবং একান্ত ব্যক্তিগত। তাহলে, কোথায় তাঁর সঙ্গে আমার সাক্ষাৎ হতে পারে?’
সাফাদি মিথ্যাচার করছে উল্লেখ করে জয় বলেন, ‘আমার সঙ্গে সাফাদির কোনো সময়ই সাক্ষাৎ হয়নি, এটা ওয়াশিংটনেও না বা অন্য কোনো জায়গায়ও না। সে মিথ্যা বলছে। সে যে বিএনপির জন্য মিথ্যা বলতে সম্মত হয়েছে, সেটা দিয়ে এ-ও প্রমাণ হচ্ছে, সে বিএনপির সঙ্গে ষড়যন্ত্রে জড়িত। না হলে আর কী কারণে সে বিএনপির হয়ে মিথ্যা বলবে?’
বিবিসি প্রচারিত প্রতিবেদন প্রসঙ্গে সজীব ওয়াজেদ জয় বলেন, ‘এটাও খুবই লজ্জাজনক যে বিবিসি বাংলা আসলেই সেই ভুয়া ইন্টারভিউটি ঘটনার সত্যতা যাচাই ছাড়াই প্রচার করেছে। এ ঘটনা সংবাদের উৎস হিসেবে তাদের বিশ্বাসযোগ্যতাকেই প্রশ্নবিদ্ধ করেছে।’

অনলাইন ডেস্ক