চারদিনে চার শিশুর মৃত্যু
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় পানিতে ডুবে গত চারদিনে চার শিশুর মৃত্যু হয়েছে। পারিবারিক সচেতনতার অভাবে বাড়ির পাশের পুকুর ও ডোবার পানিতে ডুবে চার শিশুর মৃত্যু হয়। এসব ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় সূত্রে জানা গেছে, কমলনগরের হাজির হাট এলাকায় গতকাল শুক্রবার (২৪ জুন) বিকেলে ব্যবসায়ী মো. দিপুর মেয়ে রুহি আক্তার (২) পুকুরে পড়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজির পর পরিবারের সদস্যরা পুকুর থেকে তার মৃতদেহ উদ্ধার করে। এর আগে গত ২২ জুন উপজেলার মধ্য চরমার্টিন এলাকার আইয়ুব আলী বাঘার মেয়ে মাহী আক্তার (২), ২১ জুন উপজেলার লুধুয়া ফলকন এলাকার আনার উল্লাহর ছেলে মো. রায়হান (৩) ও হাজিরহাট এলাকার হারুন মাঝির ছেলে স্কুলছাত্রী বিবি খাদিজা (১০) পানিতে ডুবে মারা যায়।
এ ব্যাপারে কমলনগরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাহাবুবুল আলম মজুমদার জানান, চারদিনের ব্যবধানে পানিতে ডুবে চার শিশুর মৃত্যু উদ্বেগজনক। শিশুদের পরিবারের সদস্যদের সচেতন হওয়া প্রয়োজন।

আবুল কালাম আজাদ, লক্ষ্মীপুর