আশুলিয়ায় ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার
রাজধানীর উপকণ্ঠ আশুলিয়ার দুর্গাপুর এলাকায় মো. মনির মণ্ডল (২৮) নামের এক গার্মেন্ট ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দিবাগত রাত ১টার দিকে নিজ বাড়ি থেকে তাঁর লাশটি উদ্ধার করা হয়।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বলেন, গতকাল রাত ৮টার দিকে একদল সশস্ত্র দুর্বৃত্ত মনির মণ্ডলের বাড়িতে ঢুকে কিছু বুঝে ওঠার আগেই অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে। পরে মনির মণ্ডলকে বাড়ির শৌচাগারে নিয়ে গলা কেটে হত্যা করে। তিনি বলেন, দুর্বৃত্তরা বাড়িতে থাকা অর্থ, স্বর্ণালংকারসহ কয়েক লাখ টাকার মালামাল লুট করে পালিয়ে যায়। এ সময় তারা কয়েকটি ফাঁকা গুলি ছোড়ে। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাত ১টার দিকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
মোস্তফা কামাল আরো বলেন, এ ঘটনায় আশুলিয়া থানায় মামলা করা হয়েছে। জড়িত ব্যক্তিদের ধরতে পুলিশের অভিযান চলছে।
