জয়পুরহাটে বিএনপির শোকর্যালিতে বাধা
জয়পুরহাটে পুলিশি বাধার কারণে ঢাকার গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলায় নিহতদের স্মরণে শোকর্যালি ও সমাবেশ করতে পারেনি জেলা বিএনপি।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় জেলা বিএনপি দলীয় কার্যালয় থেকে শহরের প্রধান সড়কে শোকর্যালি বের করতে গেলে পুলিশ বাধা দেয়। ফলে বিএনপির নেতাকর্মীরা আবার নিজেদের কার্যালয়ে ফিরে যান। ওই সময় জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মোজাহার আলী কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন।
গত ১ জুলাই গুলশানে স্প্যানিশ রেস্তোরাঁ হলি আর্টিজান বেকারিতে হামলার ঘটনা ঘটে। ওই হামলায় ১৭ জন বিদেশি নাগরিক ও তিন বাংলাদেশি নাগরিক নিহত হন। জিম্মিদের উদ্ধার করতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় নিহত হন দুই পুলিশ কর্মকর্তা। গত ৭ জুলাই ঈদের দিন কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গিদের হামলায় দুই পুলিশ কনস্টেবল নিহত হন। নিহতদের স্মরণে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা করে বিএনপি।

শাহজাহান সিরাজ মিঠু, জয়পুরহাট