কাল বিকেলে নয়াপল্টন যাবেন খালেদা জিয়া
প্রার্থী ও ভোটারদের আস্থা অর্জনে নির্বাচন কমিশন ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি। আজ সোমবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন দলটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, পয়লা বৈশাখ উপলক্ষে জাসাস আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিতে আগামীকাল বিকেল ৪টায় নয়াপল্টন কার্যালয়ে যাবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসনের নববর্ষের শুভেচ্ছা বিনিময় দুই দলের বৈরী সম্পর্কের উত্তরণ ঘটাবে আশা করে সংবাদ সম্মেলনে বলা হয়, গ্রহণযোগ্য সিটি করপোরেশন নির্বাচন এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
গত ৩ জানুয়ারি রাত থেকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া তাঁর গুলশানের কার্যালয়ে ছিলেন। তিন মাস পর গত ৫ এপ্রিল তিনি কার্যালয় থেকে বের হন। ওই দিন রাজধানীর বকশীবাজারে বিশেষ আদালতে হাজির হয়ে দুর্নীতির দুটি মামলায় জামিন নিয়ে নিজ বাসভবন ‘ফিরোজা’য় ফেরেন।
এর মধ্যে শুধু ৬ এপ্রিল বিকেল সাড়ে ৫টার দিকে ছোট ছেলে আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করতে বের হয়েছিলেন বিএনপির চেয়ারপারসন। কোকোর দাফনের পর সেদিনই প্রথম রাজধানীর বনানী কবরস্থানে যান তিনি।

নিজস্ব প্রতিবেদক