এরশাদের কাছে সুখবর
ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন নিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ‘এতদিন পর আমলাতন্ত্রের অবসান হচ্ছে, নির্বাচনের মাধ্যমে মেয়র নির্বাচিত হবে, এটা আমাদের কাছে সুখবর।’
আজ সোমবার বনানীতে জাতীয় পার্টির কার্যালয়ে পোলিং এজেন্টদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করতে এসে এইচ এম এরশাদ এ কথা বলেন। ইউএস এইড ও ইউকে এইডের সহায়তায় ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল পোলিং এজেন্টদের জন্য এ প্রশিক্ষণের আয়োজন করে।
অনুষ্ঠানে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘আশা করছি, নির্বাচন সুষ্ঠু হবে। যদি হয় তবে ভালো ফলাফল হতে পারে।’ তিনি আরো বলেন, ‘ঢাকার দুই সিটি করপোরেশনেই জাতীয় পার্টির প্রস্তুতি ভালো।’
সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে তাঁর সমর্থিত প্রার্থীরা জয়লাভ করবে বলেও আশা করেন সাবেক রাষ্ট্রপতি।
সিটি নির্বাচন সফল করতে নির্বাচন কমিশনকে নিরপেক্ষ থাকার অনুরোধ জানান এইচ এম এরশাদ।

নিজস্ব প্রতিবেদক