লক্ষ্মীপুরে টর্নেডো, ঘরবাড়ি বিধ্বস্ত
লক্ষ্মীপুরে হঠাৎ টর্নেডোর আঘাতে অর্ধ শতাধিক ঘরবাড়ি ও স্থাপনা বিধ্বস্ত হয়েছে। এর মধ্যে কয়েকটি বসতঘর লণ্ডভণ্ড হয়ে যায়। গাছপালা উপড়ে পড়ে। আহত হয়েছে নারীসহ পাঁচজন।
আজ শনিবার বিকেলে সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের গঙ্গাপুর, পূর্ব নন্দনপুর গ্রাম এবং লক্ষ্মীপুর পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের সাবেক ওয়াপদা কার্যালয় এলাকায় টর্নেডো আঘাত হানে।
স্থানীয়রা জানিয়েছেন, টর্নেডোর সময় ভয়ে পূর্ব নন্দনপুর গ্রামের স্কুলছাত্রী মরিয়ম (১৩), লাকী আক্তার (২২), সিএনজিচালিত অটোরিকশার চালক ফারুক হোসেনসহ (২৮) পাঁচজন আহত হয়। এদের মধ্যে চিকিৎসার জন্য মরিয়ম আক্তারকে অচেতন অবস্থায় লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেওয়া হয়েছে।
এ সময় দালাল বাজার পানি উন্নয়ন বোর্ডের সীমানা প্রাচীর ভেঙে পড়ে।

দক্ষিণ হামছাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর শাহ আলম জানান, টর্নেডোর আঘাতে ১৬টি ঘরবাড়ি ও বেশ কিছু স্থাপনা বিধ্বস্ত হয়েছে। এ সময় ছোটবড় গাছ উপড়ে পড়েছে এবং কয়েকজন আহত হয়।
লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নুরুজ্জামান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করার জন্য উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্তদেরকে আর্থিক সহযোগিতা করা হবে।

আবুল কালাম আজাদ, লক্ষ্মীপুর