বিএনপি সমর্থিত আরো এক প্রার্থী গ্রেপ্তার
ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত এক কাউন্সিলর পদপ্রার্থীকে আটক করেছে পুলিশ। ৩৪ নম্বর ওয়ার্ডের ওই কাউন্সিলর পদপ্রার্থীর নাম ওসমান গনি শাহজাহান।
পুলিশ দাবি করছে, ওসমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আছে। পরোয়ানা পুলিশের হাতে পৌঁছানোয় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মাইনুল ইসলাম এনটিভি অনলাইনকে বলেন, ‘আজ সোমবার বিকেল ৩টায় ওসমানকে আটক করে হাজারীবাগ থানা পুলিশ। ওসমানের বিরুদ্ধে আমাদের কাছে একটি মামলার গ্রেপ্তারি পরোয়ানা আছে। ২০১৩ সালে মামলাটি দায়ের করা হয়।’
এর আগে গত ১৬ এপ্রিল ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী কাউসার আহমেদকে আটক করে পুলিশ। কাউসার বিএনপি সমর্থিত কাউন্সিলর পদপ্রার্থী। কাউসার একাধিক মামলায় অভিযুক্ত বলে পুলিশ জানায়।

নিজস্ব প্রতিবেদক