হামলায় আহতদের পাশে খালেদা জিয়া
কারওয়ান বাজারে নিজ গাড়িবহরে হামলায় আহতদের দেখতে ইউনাইটেড হাসপাতালে যান বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। বিএনপির গণমাধ্যম শাখা থেকে জানা যায়, সোমবার রাত ৮টা ৪৫ মিনিটে ইউনাইটেড হাসপাতালে যান খালেদা জিয়া।
খালেদা জিয়া সেখানে হামলার ঘটনায় আহত চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার, সিএসএফ সদস্য ফজলুল করিম, ফারুক হোসেন ও শাহজাদার খোঁজখবর নেন। পরে রাত পৌনে ১০টার দিকে হাসপাতাল থেকে বের হয়ে গুলশানে বাসভবনের দিকে যান খালেদা জিয়া।
কারওয়ান বাজারে হামলার ঘটনায় ছয়জন আহত হয়েছেন বলে বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে। এর মধ্যে পাঁচজনকে ইউনাইটেড হাসপাতাল এবং একজনকে বেসরকারি একটি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়।
আহতদের দেখতে যাওয়ার আগে বিএনপি চেয়ারপারসন মগবাজার, মিন্টো রোড, বেইলী রোড, শাহজাহানপুর, খিলগাঁও, রামপুরা ও বাড্ডা এলাকায় নির্বাচনী প্রচারে অংশ নেন। তবে এ সময় খালেদা জিয়া কোথাও গাড়ি থেকে নামেননি, কোথাও বক্তব্য দেননি। তাঁর বহরে থাকা নেতাকর্মীরা বিএনপি সমর্থিত প্রার্থীর পক্ষে ভোট চান।
বিকেলে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে নির্বাচনী প্রচারে কারওয়ান বাজার এলাকায় এলে খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। বিএনপি সমর্থিত মেয়র পদপ্রার্থীর জন্য তৃতীয় দিনের মতো জনসংযোগে নেমেছিলেন খালেদা জিয়া।

নিজস্ব প্রতিবেদক