মায়ের বুকের দুধ ৩১ শতাংশ নবজাতকের মৃত্যু রোধ করে
জন্মের এক ঘণ্টার মধ্যে শিশুকে মায়ের বুকের দুধ পান করালে ৩১ শতাংশ নবজাতকের মৃত্যু রোধ করা যায় বলে জানিয়েছেন কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের সভাপতি অধ্যাপক ড. রেজাউল করিম। শিশুর বয়স ছয়মাস না হওয়া পযন্ত তাকে শুধু বুকের দুধ পান করানোরও পরামর্শ দেন তিনি।
আজ বৃহস্পতিবার কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ’ বিষয়ক র্যালি ও সমাবেশে এসব কথা বলেন ড. রেজাউল করিম।
‘মাতৃদুগ্ধ পানে শিশু হবে স্বাস্থ্যবান, বয়ে আনবে দেশ ও জাতির কল্যাণ’ এই স্লোগানকে প্রতিপাদ্য করে বিভাগীয় সমিতির আয়োজনে এই র্যালি ও সমাবেশের আয়োজন করা হয়।
র্যালিটি ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবারো ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের সামনে এসে সমাবেশ করে।
‘বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ’ বিষয়ক এই ক্যাম্পেইনের উদ্দেশ্য সম্পর্কে ড. রেজাউল করিম বলেন, এর মাদ্যমে মাতৃদুগ্ধের পুষ্টির উপকারিতাগুলো পার্শ্ববর্তী শহর থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে পৌঁছে দিয়ে জনসচেতনতা বাড়াতে হবে।
এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. আসাদ উদ-দৌলা, শাম্মী আক্তার, অধ্যাপক ড. দীপক কুমার পাল, ড. এ টি এম মিজানুর রহমান, ড. মো. আবুল কাশেম তালুকদার, ড. মো. হাফিজুর রহমান, শেখ শাহিনুর রহমান, মো. মোমিনুল ইসলাম, মো. কামরুজ্জামানসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ইবি প্রতিনিধি