বাবা-মায়ের কবরের পাশে চিরনিদ্রায় বিএনপি নেতা পটল
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলের দাফন সম্পন্ন হয়েছে। আজ রোববার বিকেল ৫টা ৫০ মিনিটে নিজ গ্রাম নাটোরের লালপুর উপজেলার গৌরীপুর উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে সন্ধ্যা সোয়া ৬টায় পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে তাঁকে দাফন করা হয়।
এর আগে দুপুর সোয়া ২টার দিকে জেলার বাগাতিপাড়া উপজেলার পাইলট স্কুল মাঠে ফজলুর রহমান পটলের আরেক দফা জানাজা অনুষ্ঠিত হয়। এসব জানাজায় বিএনপির কেন্দ্রীয় নেতা, স্থানীয় সংসদ সদস্যসহ বিভিন্ন জেলা থেকে আসা বিএনপির নেতারা অংশ নেন।
গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে কলকাতার রবীন্দ্র হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাবেক যুব ও ক্রীড়া ফজলুর রহমান পটল মারা যান। তিনি দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছিলেন। তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।
গতকাল শনিবার রাতে রাজধানীর বনশ্রীতে ফজলুর রহমান পটলের বাড়িতে গিয়ে তাঁর পরিবারের সদস্যদের সমবেদনা জানান বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
শনিবার রাতে পটলের লাশ দেশে আনা হয়। রোববার সকালে নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ও আওয়ামী লীগ নেতাসহ তাঁর রাজনৈতিক সহকর্মীরা অংশ নেন।

হালিম খান, নাটোর