জয়পুরহাটে সাড়ে তিন কেজি গানপাউডার উদ্ধার
জয়পুরহাটে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ব্যাটালিয়ন সদর দপ্তরের প্রধান ফটকে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে সাড়ে তিন কেজির বেশি পরিমাণ গানপাউডার উদ্ধার করা হয়েছে।
গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে দিনাজপুরের হিলি সীমান্ত এলাকা থেকে জয়পুরহাট শহরমুখী যাত্রীবাহী একটি বাসে তল্লাশি চালিয়ে এসব বিস্ফোরক পদার্থ উদ্ধার করা হয়। তবে এসব গানপাউডারের মালিক কে তা জানা যায়নি।
জয়পুরহাট-৩ বিজিবির কর্মকর্তা মেজর আশরাফ আলী জানান, হিলি স্থলবন্দর থেকে জয়পুরহাটগামী ‘বনলতা পরিবহন’ নামে ওই যাত্রীবাহী বাসে করে বিস্ফোরক দ্রব্য পরিবহন করা হচ্ছে বলে বিজিবির কাছে খবর আসে। এর ভিত্তিতে বাসটি জয়পুরহাট বিজিবি ব্যাটালিয়নের প্রধান ফটকে পৌঁছালে সেটিতে থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় বাসের মালামাল রাখার স্থান থেকে তিন কেজি ৬০০ গ্রাম গানপাউডার উদ্ধার করা হয়।
তবে কে বা কারা এসব বিস্ফোরক নিয়ে আসছিল তা জানা যায়নি বলে জানান এই বিজিবি কর্মকর্তা। নাশকতার উদ্দেশে পরিকল্পিতভাবে এসব গানপাউডার ভারত থেকে অবৈধ পথে বাংলাদেশে নিয়ে আসা হয়েছিল বলে ধারণা বিজিবির।

শাহজাহান সিরাজ মিঠু, জয়পুরহাট