শতভাগ আশাবাদী আনিসুল হক
জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী বলে জানিয়েছেন ঢাকা উত্তরে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আনিসুল হক। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর বনানী বিদ্যানিকেতনে ভোট দেওয়ার পর সাংবাদিকদের কাছে এ আশার কথা বলেন তিনি।
আনিসুল হক বলেন, ‘অনেক লোক ভোট দিতে এসেছেন। দেখেই ভালো লাগছে। সারা দিন সবার ভালো কাটুক। এটা একটা উৎসবমুখর পরিবেশ। ঢাকাবাসীর প্রতি আমার আহ্বান—এ নির্বাচনের মাধ্যমে তাঁরা যেন তাঁদের জন্য বেস্ট মেয়র বেছে নিতে পারেন।’
অনেক স্থানে অন্য মেয়র প্রার্থীদের পোলিং এজেন্টদের বের করে দেওয়া ও কাগজপত্র ছিঁড়ে ফেলার অভিযোগের বিষয়ে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, ‘সে বিষয়ে আমি কিছু বলতে পারব না। কে কাকে বের করে দিচ্ছে, এ বিষয়ে আমি কিছু শুনিনি।’
এ সময় জয়ের বিষয়ে শতভাগ আশা প্রকাশ করে আনিসুল হক বলেন, ‘আমি ঢাকা শহরের প্রতিটি গলিতে গলিতে ঘুরেছি। তাদের চোখের দিকে তাকিয়েছি। যত বেশি সংখ্যক মানুষের সম্ভব হাত ধরার চেষ্টা করেছি।’

নিজস্ব প্রতিবেদক