বাংলাদেশের একটা অসাধারণ উন্নয়ন গল্প আছে
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেছেন, সফরে বাংলাদেশে নিরাপত্তাসহ অন্যান্য বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে।
ঢাকা সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ এবং পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীসহ জ্যেষ্ঠ মন্ত্রীদের সঙ্গে বৈঠক শেষে সোমবার বিকেলে এক টুইটবার্তায় জন কেরি এ কথা বলেন।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘নিরাপত্তাসহ অন্যান্য বিষয় এবং সহিংস উগ্রবাদ মোকাবিলায় আমাদের দৃঢ় সমর্থন নিয়ে আজ বাংলাদেশে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে।’
‘বাংলাদেশের একটা অসাধারণ উন্নয়ন গল্প রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে (আমি) সন্তুষ্ট’, যোগ করেন জন কেরি।
এর আগে কেরি বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে রাখা পরিদর্শন বইয়ে লেখেন, ‘বাংলাদেশ বঙ্গবন্ধুর স্বপ্ন অনুযায়ী এবং তাঁর কন্যার (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) দৃঢ় নেতৃত্বে উন্নতি লাভ করছে।’
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ‘(বাংলাদেশের) বন্ধু এবং তাঁর (বঙ্গবন্ধুর) স্বপ্ন পূরণের দৃঢ় সমর্থক হতে পেরে যুক্তরাষ্ট্র গর্বিত।’
বার্তা সংস্থা বাসসের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, কেরি এ জাদুঘরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে তাঁর নয় ঘণ্টার ঢাকা সফর শুরু করেন। ধানমণ্ডি ৩২ নম্বরে তিনি স্বাধীনতার স্থপতির প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

অনলাইন ডেস্ক