রামপালে বিমানবন্দরের অনুমোদন
বাগেরহাটের রামপালে একটি বিমানবন্দর নির্মাণের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি-একনেক। আজ মঙ্গলবার একনেক সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেকের নিয়মিত বৈঠকে ৫৪৪ কোটি টাকা ব্যয়ে বিমানবন্দর নির্মাণের অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল জানান, মংলাবন্দর, ইপিজেডসহ পুরো দক্ষিণ-পশ্চিমাঞ্চলকে গুরুত্ব দিয়ে এই প্রকল্প হাতে নেওয়া হয়েছে। প্রকল্পের মোট ব্যয়ের ৪৯০ কোটি টাকা সরকারি খাত থেকে আর বাস্তবায়নকারী সংস্থা বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নিজস্ব তহবিল থেকে বাকি ৫৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া হবে বলেও জানান তিনি।
এ ছাড়া আজকের বৈঠক থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহীপালে ছয় লেন বিশিষ্ট ফ্লাইওভার নির্মাণ প্রকল্পসহ মোট ১০টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এসব প্রকল্পে মোট অর্থ ব্যয় হবে এক হাজার ৯১০ কোটি টাকা।
রামপালে তাপ বিদ্যুৎকেন্দ্র নির্মাণ হলে সুন্দরবন ভয়াবহ ক্ষতির মুখে পড়বে এমন আশঙ্কায় এর বিরোধিতা করে আন্দোলন করে আসছে তেল-গ্যাস-বিদ্যুৎ এবং খনিজ সম্পদ ও বন্দর রক্ষা জাতীয় কমিটি। তবে এসব উপেক্ষা করেই সেখানে বিদ্যুৎকেন্দ্র নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে সরকার। পুরোদমে চলছে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের প্রাথমিক কাজ। এসবের মধ্যেই আজ অনুমোদন পেল রামপাল বিমানবন্দরের নির্মাণ।
ঢাকা সেনানিবাসে বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন সেন্টার উদ্বোধন :
ক্যান্সারে আক্রান্ত রোগীরা আধুনিক সেবা দিতে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন সেন্টার উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে ট্রান্সপ্লান্টেশন সেন্টার উদ্বোধন করে তা ঘুরে দেখেন তিনি।
এ ছাড়া প্রধানমন্ত্রী সিএমএইচএ পোস্ট অ্যানেস্থেটিক কেয়ার ইউনিট, ক্রিনিক্যাল কেয়ার সেন্টার এবং ক্যাজুয়্যালিটি অ্যান্ড ইমার্জেন্সি ইউনিটের উদ্বোধন করেন তিনি। পরে প্রধানমন্ত্রী আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্স ও সেনাসদর কনফারেন্স অ্যান্ড অডিটরিয়াম কমপ্লেক্স হেলমেটের উদ্বোধন করেন।
এর আগে সিএমএইচএ পৌঁছালে সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানান। এ সময় অন্যদের মধ্যে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, প্রধানমন্ত্রীর নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক উপস্থিত ছিলেন।

অনলাইন ডেস্ক