নতুন মেয়র আসায় দুই প্রশাসককে বদলি
নবনির্বাচিত দুই মেয়র শপথ নেওয়ায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের দুই প্রশাসককে বদলি করা হয়েছে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক ড. রাখাল চন্দ্র বর্মণকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. শওকত মোস্তফাকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অতিরিক্ত সচিব করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখা আজ বুধবার এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। রাখাল চন্দ্র ও শওকত মোস্তফা এর আগে অতিরিক্ত সচিবের মর্যাদায় দুই সিটি করপোরেশনের প্রশাসকের দায়িত্ব পালন করেন।
গত ২৮ এপ্রিল অনুষ্ঠিত ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত আনিসুল হক ও মোহাম্মদ সাঈদ খোকন মেয়র নির্বাচিত হন। আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাঁদের শপথবাক্য পাঠ করানো হয়।
বিশাল ঢাকা মহানগরে নাগরিক সুবিধা বৃদ্ধির কথা বলে ২০১১ সালের ২৯ নভেম্বর জাতীয় সংসদে আইন পাসের মাধ্যমে সরকার ঢাকা সিটি করপোরেশনকে দুই ভাগে বিভক্ত করে। একটির নাম হয় ঢাকা উত্তর সিটি করপোরেশন। অপরটি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। এর পর থেকে সরকার দুই সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ করে পরিচালনা করছিল।

এম এ নোমান