সার্ককে অকার্যকর করার চিন্তা চলছে : ড. এমাজউদ্দীন
দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা বা সার্ককে অকার্যকর করার চিন্তাভাবনা চলছে বলে অভিযোগ করেছেন রাষ্ট্রবিজ্ঞানী ড. এমাজউদ্দীন আহমদ।
আজ রোববার জাতীয় প্রেসক্লাবে আ স ম হান্নান শাহর শোকসভায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ড. এমাজউদ্দীন এ কথা বলেন। তিনি বলেন, ১৯তম সার্ক সম্মেলন স্থগিত করার মধ্য দিয়ে এ প্রক্রিয়া শুরু হয়েছে। পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠেয় এ সম্মেলন হওয়ার কথা ছিল।
ড. এমাজউদ্দীন বলেন, এতে করে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যকার সম্পর্কের অবনতি হবে, যা সুফল বয়ে আনবে না।
রাষ্ট্রবিজ্ঞানী আরো বলেন, ‘সার্ক মানে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা। আটটি রাষ্ট্রের সমন্বয়ে আঞ্চলিক সহযোগিতা সংস্থা সংগঠিত হয়েছিল। এটিকে যাতে অকার্যকর প্রমাণ করা যায়, অপ্রয়োজনীয় করা যায়, সে জন্য অনেকে—বিদেশের এবং এ দেশের কিছু শক্তিশালী রাষ্ট্রের চিন্তাভাবনাকারী যারা—থিঙ্কট্যাঙ্ক—তাদের উদ্যোগে এটা সম্ভব হয়েছে।’
গত ১৮ সেপ্টেম্বর ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের উরি সেনাঘাঁটিতে সন্ত্রাসীরা হামলা চালায়। এতে ১৯ ভারতীয় সেনা নিহত হন। এর পর পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইক অভিযান চালানোর কথা জানায় ভারত।
এরই পরিপ্রেক্ষিতে সার্ক সম্মেলনে না যাওয়ার ঘোষণা দেয় ভারত। এর পর বাংলাদেশ, আফগানিস্তান, ভুটান, শ্রীলংকা সার্কের সভাপতি নেপালকে জানায়, তারাও সম্মেলনে যাচ্ছে না।
বাংলাদেশ জানায়, অভ্যন্তরীণ বিষয়ে পাকিস্তানের হস্তক্ষেপের কারণে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।

নিজস্ব প্রতিবেদক