সিলেটে ডোবায় মিলল ২ শিশুর লাশ, বাবা পলাতক
সিলেটের ওসমানীনগর উপজেলার একটি ডোবা থেকে শিশু দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার রাত ৮টার দিকে উপজেলার দয়ামীরের চিন্তামনি গ্রামের একটি ধানক্ষেতের পাশের ডোবা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
শিশুদের নাম রুজেল আহমদ (১১) ও মামুন আহমদ (৭)। ঘটনার পর থেকে তাদের বাবা ছাদির মিয়া নিখোঁজ রয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার চিন্তামনি গ্রামের ছাদির মিয়া তাঁর দুই ছেলে রুজেল আহমদ ও মামুন আহমদকে নিয়ে বিকেলে বাড়ির পাশের দরগাবন্দ এলাকায় মাছ ধরতে যান। সন্ধ্যা পেরিয়ে গেলেও তারা বাড়িতে না আসায় স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে রাতে দরগাবন্দ এলাকায় একটি ডোবায় রুজেল ও মামুনের লাশ পাওয়া যায়। এ সময় শিশু দুটির বাবা ছাদির মিয়াকে কোথাও পাওয়া যায়নি।
খবর পেয়ে ওসমানীনগর থানা পুলিশ শিশু দুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
ওসমানীনগর থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাত সাড়ে ৮টায় মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

মঈনুল হক বুলবুল, সিলেট