হাসপাতালের ব্যবস্থাপনা ডিজিটালাইজেশনের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
দেশের মানুষের স্বাস্থ্যসেবার মান বাড়াতে সব হাসপাতাল ও স্বাস্থকেন্দ্রের ব্যবস্থাপনায় ডিজিটালাইজেশনের উদ্যোগ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম।
আজ বৃহস্পতিবার সচিবালয়ে স্বাস্থ্য খাতের বার্ষিক উন্নয়ন কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা সভায় সভাপতিত্বকালে স্বাস্থ্যমন্ত্রী এই নির্দেশ দিয়েছেন বলে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘স্বাস্থ্য খাতের ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতাকে সর্বাধিক প্রাধান্য দেওয়া উচিত। জনগণ যেন উন্নত ও আধুনিক চিকিৎসা পায়, তা নিশ্চিত করতে হলে হাসপাতাল ব্যবস্থাপনার মান বাড়ানোর দিকে সবাইকে নজর দিতে হবে।’
যথাসময়ে স্বচ্ছতার সঙ্গে স্বাস্থ্য খাতের সব কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের তাগিদ দিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের সময় স্বাস্থ্য খাতে যে সাফল্য এসেছে, তাকে আরো ওপরে নিয়ে যেতে হবে। একটি জনবান্ধব চিকিৎসাব্যবস্থা গড়ে তুলতে হলে এই খাতের কোনো অংশে অনিয়ম ও গাফিলতি মেনে নেওয়া যাবে না।’
সভায় অন্যদের মধ্যে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্যসচিব মো. সিরাজুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদসহ মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনলাইন ডেস্ক