আন্দোলনের ভয় দেখিয়ে কোনো লাভ নেই : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগকে আন্দোলনের ভয় দেখিয়ে বিএনপির কোনো লাভ হবে না। বিএনপি সরকারের পতন ঘটাবে, নানারকম আন্দোলনের হুমকি দেয়। আওয়ামী লীগকে আন্দোলনের হুমকি ও ভয় দেখিয়ে কোনো লাভ নেই।
চট্টগ্রামের আনোয়ারায় কোরিয়ান ইপিজেড (কেইপিজেড) মাঠে কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল’ উদ্বোধন উপলক্ষে আয়োজিত জনসভায় আজ শনিবার (২৮ অক্টোবর) প্রধানমন্ত্রী এ কথা বলেন। চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ এই সমাবেশের আয়োজন করে।
শেখ হাসিনা বলেন, ‘একটা কথা স্পষ্ট করে বলতে চাই–জনগণের ভোটে নির্বাচিত হয়ে আওয়ামী লীগ সরকার গঠন করে বাংলাদেশকে আজকে উন্নয়নশীল দেশের মর্যাদা এনে দিয়েছে। খালেদা জিয়া ১৫ ফেব্রুয়ারির প্রহসনের নির্বাচনে ভোট চুরি করেছিল বলেই বাংলাদেশের মানুষ আন্দোলন করে তাদের ক্ষমতা থেকে হটিয়েছিল। এটা তাদের মনে রাখা উচিত।’
বিএনপি-জামায়াত ভোট চোর জানিয়ে আওয়ামী লীগের সভাপতি বলেন, ‘জনগণের অর্থ চোর তারা। বিএনপি-জামায়াত মানেই হচ্ছে খুনি, সন্ত্রাসী ও জঙ্গিবাদে বিশ্বাসী।’
সরকার প্রধান বলেন, ‘আওয়ামী লীগ শান্তি ও উন্নয়নে বিশ্বাসী। দলটি ক্ষমতায় আছে বলেই বাংলাদেশ বিশ্বব্যাপী এগিয়ে যাচ্ছে। কেউ এই বাংলাদেশকে দাবিয়ে রাখতে পারবে না, এটা হলো বাস্তবতা।’ নৌকা মার্কায় পুনরায় ভোট প্রত্যাশা করে তিনি বলেন, ‘আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে স্বাধীনতা পেয়েছেন। নৌকা মার্কায় ভোট দিয়ে কর্নফূলী টানেল পেয়েছেন। ভোট দিয়ে উন্নয়ন পেয়েছেন। কাজেই আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আপনারা আমাদের আবারও সেবা করার সুযোগ দেবেন কি-না, হাত তুলে ওয়াদা করুন।’

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)