সাতক্ষীরায় ভারতে পাচারের সময় ৬ স্বর্ণবারসহ নারী আটক
ভারতে পাচারের সময় অভিযান চালিয়ে ৬টি স্বর্ণের বারসহ এক নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বুধবার (২৫ জুন) সকাল সাড়ে ৬টার দিকে সাতক্ষীরা সদরের বাঁকাল চেকপোস্ট সংলগ্ন আলীপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক মোসা. নাসরিন নাহার (৩০) সাতক্ষীরা শহরের ভোমরা টাওয়ার মোড় এলাকার বাসিন্দা।
৩৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক জানান, স্বর্ণ পাচারের গোপন সংবাদে সাতক্ষীরা শহর থেকে ভোমরা সীমান্তে যাওয়ার পথে সন্দেহভাজন বাংলাদেশি নাগরিক নাসরিন নাহারকে আটক করা হয়। পরে তার শরীর তল্লাশি করে ৬টি স্বর্ণের বার, নগদ ১৩ হাজার টাকা এবং একটি মোবাইল ফোন উদ্ধার করে বিজিবি। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৫১৭ গ্রাম ৮৫ মিলিগ্রাম। যার বাজারমূল্য ৭৬ লাখ ৭৪ হাজার ৫৩৭ টাকা।
বিজিবি অধিনায়ক আরও জানান, আটক নারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর তাকে থানায় সোপর্দ এবং উদ্ধারকৃত স্বর্ণ ও অর্থ ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে।

এস এম জিন্নাহ, সাতক্ষীরা