প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে যাচ্ছেন সিইসিসহ কমিশনাররা
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে কমিশন সভা শেষে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাতে যাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন।
আজ রোববার (৭ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। তিনি বলেন, আজ প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাত হবে। এতে সার্বিক বিষয়ে আলোচনা হবে। এরপর ১০ ডিসেম্বর মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে।
উল্লেখ্য, আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে তফসিল ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। এক্ষেত্রে সোমবার (৮ ডিসেম্বর) সিইসির ভাষণ রেকর্ডের জন্য বিটিভিকে চিঠি দেবে কমিশন।
এর আগে আজ ইসির দশম কমিশন সভা শেষে এক সংবাদ সম্মেলনে ইসি সানাউল্লাহ বলেন, প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, দ্বিতীয় সপ্তাহে তফসিল হবে। দ্বিতীয় সপ্তাহের মধ্যেই আমরা করব ইনশাআল্লাহ। নির্বাচনের আগের রাতে ব্যালট যাবে।
এই নির্বাচন কমিশনার আরও বলেন, তফসিল ঘোষণার পর আমরা রাজনৈতিক দলগুলোকে ৪৮ ঘণ্টা সময় দেব পোস্টার সরানোর জন্য। না সরালে আচরণবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
ভোট গ্রহণের সময় বাড়ানো প্রসঙ্গে ইসি সানাউল্লাহ বলেন, সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ করা হবে।

নিজস্ব প্রতিবেদক