নাটোরে রেললাইনে ফাটল
নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগরে রেললাইনে ফাটল দেখা দেওয়ায় ঝুঁকি নিয়ে ট্রেন চলাচল করতে দেখা যায়। সোমবার (৮ ডিসেম্বর) সকালে উপজেলার মাধনগরে ২৫৩নং পিলারের কাছে রেললাইনে এই ফাটল স্থানীয়দের নজরে আসে। রেলওয়ে কর্তৃপক্ষের দাবি, শীতের কারণে রেললাইনে ফাটল দেখা দেয়। খবর পেয়ে বাংলাদেশ রেলওয়ের মেরামত কর্মীরা বেলা ১১টার দিকে ফাটল অংশ মেরামত করেন।
জানা যায়, নলডাঙ্গা উপজেলার মাধনগর রেল স্টেশনের দক্ষিণে ১নং রেললাইনে ফাটল দেখতে পান স্থানীয়রা। পরে তারা মাধনগর স্টেশন মাস্টারকে জানালে তিনি রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেন। দ্রুত রেলওয়ের কর্মীরা এসে ফাটল অংশ মেরামত করেন এবং ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
মাধনগর রেলস্টেশন মাস্টার আব্দুল আউয়াল ও ট্রলিম্যান জুলফিকার হোসেন জানান, রেললাইনে ফাটলের খবর জানার পর রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয় এবং দ্রুত রেলকর্মীরা এসে মেরামত কাজ শুরু করেন। বেলা ১১টার মধ্যে ফাটল অংশ মেরামতের কাজ শেষ হয়। এ সময় ধীর গতিতে ট্রেন চলাচল করছিল। তারা আরও জানান, অতিরিক্ত ঠান্ডার কারণে রেলে এ ধরনের ফাটল দেখা দেয়।

রানা আহমেদ, নাটোর (সদর-নলডাঙ্গা)