বিকেলে তফসিলের ভাষণ রেকর্ড, প্রস্তুতিতে সন্তুষ্ট রাষ্ট্রপতি : ইসি সচিব
নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, আজ বিকেল চারটায় প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) ভাষণ রেকর্ড করা হবে। সিইসি এখন অন্যান্য নির্বাচন কমিশনারের সঙ্গে বসে সার্বিক বিষয় নিয়ে আলোচনার মাধ্যমে তফসিল ঘোষণার সময় সম্পর্কে সিদ্ধান্ত নেবেন। সিদ্ধান্ত জানা মাত্রই তিনি আবার সাংবাদিকদের জানাবেন।
আজ বুধবার (১০ ডিসেম্বর) রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইসি সচিব আখতার আহমেদ এই তথ্য জানান।
আখতার আহমেদ বলেন, আজকে প্রধান নির্বাচন কমিশনার, চারজন কমিশনার ও তিনি নিজে নির্বাচন-পূর্ব প্রস্তুতি ও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করার জন্য রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে গিয়েছিলেন।
সিইসি বলেছেন, গত জানুয়ারি থেকে শুরু করে ৩১ অক্টোবর পর্যন্ত ভোটার তালিকার ক্রমসংযোজন ও বর্তমান অবস্থা, রাজনৈতিক দল রেজিস্ট্রেশনের সর্বশেষ অবস্থা— এই বিষয়গুলো রাষ্ট্রপতিকে জানানো হয়েছে।
ইসি সচিব আরও বলেন, রাষ্ট্রপতি দুটো ভোট একই দিনে হওয়ার বিষয়ে অর্থাৎ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট— এই দুটো বিষয়ে কীভাবে করা হবে, ব্যালট পেপারগুলোর রং কি হবে, ব্যালট পেপার কীভাবে একজন ভোটারকে দেওয়া হবে, গণনার পদ্ধতি ও মক ভোটিংয়ে (নমুনা ভোট) তিনি নিজে কতটুকু সময় নিয়েছিলেন— এসব বিস্তারিত জানতে চেয়েছেন। কমিশন বিস্তারিত জানানোর পর তিনি সন্তোষ প্রকাশ করেছেন।
আখতার আহমেদ বলেন, কমিশন ভোটের সময় যে এক ঘণ্টা বাড়িয়েছে— সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে সাতটা পর্যন্ত। এ বিষয়েও রাষ্ট্রপতি বলেছেন, এটা যৌক্তিকভাবে হয়েছে ও তিনি সন্তোষ প্রকাশ করেছেন।
ইসি সচিব জানান, রাষ্ট্রপতি অত্যন্ত মন দিয়ে যেটা জেনেছেন সেটা হচ্ছে ‘আউট অফ কান্ট্রি ভোটিং’ (বিদেশে ভোটদান) এবং ‘ইন কান্ট্রি পোস্টাল ভোট’। এই পদ্ধতিগত বিন্যাস ও প্রযুক্তিগত বিষয়গুলো যে স্থানীয় এক্সপার্টস দিয়ে করা হচ্ছে— তা শুনে তিনি অত্যন্ত খুশি হয়েছেন।
আখতার আহমেদ বলেন, রাষ্ট্রপতি সার্বিকভাবে কমিশনকে বলেছেন- নির্বাচন কমিশন এগিয়ে যাচ্ছে এবং একটা ভালো, সুষ্ঠু ও অর্থবহ নির্বাচনের জন্য যতটুকু সাহায্য–সহযোগিতা তাঁর দিক থেকে দেওয়ার সুযোগ আছে, উনি তার থেকে বেশি ছাড়া কম দেবেন না।
ইসি সচিব আরও বলেন, আপাতত এইটুকুই, একটু অপেক্ষা করেন। হয়তো আমি ঘণ্টাখানিক পরে অথবা দু'ঘণ্টা পরে আপনাদেরকে আরেকটা আপডেট দিতে পারব।

নিজস্ব প্রতিবেদক