‘একাত্তরের চেতনা নিয়ে যারা রাজনীতি করতে চেয়েছিল, তারা চূড়ান্ত ব্যর্থ’
বিএনপি স্থায়ী কমিটি সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, একাত্তরের চেতনা নিয়ে যারা রাজনীতি করতে চেয়েছিল, তারা বাংলাদেশের বাস্তবতায় চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে। জনগণ সত্য ও অধিকারবোধের রাজনীতিকেই বেছে নিয়েছে।
আজ শুক্রবার (১২ ডিসেম্বর) সকালে রাজধানীর কৃষিবিদ ইনিস্টিউটে ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন সালাহউদ্দিন আহমদ।
সালাহউদ্দিন আহমদ বলেন, গণতন্ত্র, সাংবিধানিক অধিকার ও মানবাধিকার পুনরুদ্ধারের চূড়ান্ত অভিপ্রায় থেকেই ২০২৪ এর গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছে। চব্বিশের গণঅভ্যুত্থান শুধু ৩৬ দিনের বৈষম্যবিরোধী আন্দোলনের ফসল নয়—এটি সাড়ে ১৫ বছরের সমষ্টিগত ত্যাগ, সংগ্রাম ও আশা-আকাঙ্ক্ষার বিজয়।
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, বিএনপি এখন সুষ্ঠু ও বাস্তবসম্মত পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে চায়। গণতন্ত্রের স্থায়ী যাত্রার সফল ঘোষণা এসেছে তফসিল ঘোষণার মধ্য দিয়ে। অনেকে তফসিলকে মনোকষ্ট নিয়ে দেখলেও গণতন্ত্রের স্বার্থে স্বাগত জানাতে বাধ্য হয়েছে।
বিএনপির এই নেতা বলেন, যারা পিআর বা গণভোটকে জাতীয় নির্বাচনের প্রতিবন্ধকতা হিসেবে দাঁড় করাতে চেয়েছিল, তারা গণতন্ত্রের বিপক্ষের শক্তি। তারা নিজেদের মতো করে গণতন্ত্র সংজ্ঞায়িত করতে চায়।
সালাহউদ্দিন আহমদ বলেন, একটি দল কেবল আওয়ামী লীগের ভোট আশা করে তাদের বিরুদ্ধে একটি শব্দও উচ্চারণ করেনি। ভাসুরের নাম মুখে আনলে নাকি সম্পর্কের ক্ষতি—কিন্তু বিএনপি সত্য উচ্চারণে পিছপা হবে না।
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, আওয়ামী লীগের গুম-খুন, নির্যাতন, মানবাধিকার লঙ্ঘনের কথা ভুলে গেলে গণতন্ত্র আহত হবে। ভবিষ্যৎ রাজনীতিতে টিকে থাকতে হলে প্রযুক্তি ও জ্ঞাননির্ভর রাজনীতির ওপর জোর দিতে হবে।
বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, সাংবিধানিকভাবে গণতন্ত্রের কবর রচনা করেছে আওয়ামী লীগ। তাই যারা আজ আওয়ামী লীগের ভোট চান, তারা না বললেও বিএনপি সত্য বলবে—আওয়ামী লীগের অন্যায়ের বিরুদ্ধে কথা বলবে।
সালাহউদ্দিন আহমদ বলেন, যাদের ইতিহাস দেশের স্বার্থ, স্বাধীনতা ও জনগণের পক্ষে ছিল না—তাদের বিরুদ্ধেও সত্য তুলে ধরতে হবে। ধর্মের নাম, ধর্মের আবেগ কিংবা ‘ধর্মের বড়ি’ বিক্রি করে ভোট চাওয়ার দিন শেষ।
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, দাঁড়ি-টুপি রাখলেই আওয়ামী লীগ আমলে জঙ্গি সাজিয়ে হয়রানি করত, গ্রেপ্তার করত, জেলে দিত। বিএনপি ক্ষমতায় এলে শুধু আলেম সমাজ নয়—কোনো নাগরিককেই বেআইনি গ্রেপ্তার, হয়রানি বা নিপীড়নের শিকার হতে হবে না।

নিজস্ব প্রতিবেদক